পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রনমি হাব (এসএসএএইচ)। শারজাহ বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত সংস্থাটি জানিয়েছে, ২০২৬ সালে ঈদুল আজহা আগামী ২৭ মে অনুষ্ঠিত হতে পারে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে এ সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, আগামী ১৮ মে জিলহজ মাসের প্রথম দিন হতে পারে। সে হিসেবে ৯ জিলহজ বা পবিত্র আরাফার দিন হতে পারে ২৬ মে।
সংস্থাটির হিসাব অনুযায়ী, ১৭ মে রাত ১২টা ১৭ মিনিটে চাঁদের সংযোগ ঘটবে। ওই দিন ১৪৪৭ হিজরির জিলকদ মাসের ২৯ তারিখ হবে। সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে প্রায় ১৮ ঘণ্টা ৩৯ মিনিট। সূর্যাস্তের পর চাঁদ প্রায় ৫৭ মিনিট দিগন্তের ওপরে দৃশ্যমান থাকতে পারে। অনুকূল আবহাওয়ায় খালি চোখে চাঁদ দেখা সম্ভব হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
এসএসএএইচের পরিচালক অধ্যাপক হামিদ এম কে আল নাঈমি বলেন, এই বৈজ্ঞানিক তথ্য ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিলে জমা দেওয়া হয়েছে। চাঁদ দেখা সহজ করা এবং বৈজ্ঞানিক তথ্যের সঙ্গে শরিয়াহভিত্তিক সিদ্ধান্তের সমন্বয়ের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে, এটি শুধুই জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস। হিজরি মাসের শুরু এবং ধর্মীয় উৎসবের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে সংশ্লিষ্ট সরকারি ও ধর্মীয় কর্তৃপক্ষ।