প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, রান্নার কষ্ট লাঘবে নারীদের জন্য এবার এলপিজি কার্ড সেবা চালু করা হবে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে যশোরের শার্শা উপজেলায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, “রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড সেবা দেওয়া হবে। বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা।” তিনি আরও বলেন, উলাশী খালে পানি প্রবাহ ফিরলে শার্শা উপজেলার প্রায় ৭২ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন।
এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ১৫ মিনিটে তাকে বহনকারী বিমান যশোর বিমানবন্দরে অবতরণ করে। সফরসূচি অনুযায়ী, খাল পুনর্খনন উদ্বোধনের পর তিনি পথসভা ও সুধী সমাবেশে অংশ নেন। পরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে রাজধানীতে ফেরার কথা রয়েছে তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের যশোরে প্রথম সফর। তবে গত তিন মাসের মধ্যে এটি তার দ্বিতীয় যশোর সফর।