জাতীয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎখাতে নতুন মাইলফলক

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৮ এপ্রিল ২০২৬, ০৪:২২
PostImage

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে,


পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে, যা দেশের বিদ্যুৎখাতে এক নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) এ কার্যক্রম শুরু হওয়ার মাধ্যমে প্রকল্পটি চূড়ান্ত গন্তব্যের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে।


সংশ্লিষ্টরা জানান, কেন্দ্রটি চালু হলে স্বাভাবিকভাবে ৬০ বছর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও সংস্কার করা হলে এর আয়ুষ্কাল আরও ৩০ বছর বাড়ানো যেতে পারে। এর মধ্য দিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের কাতারে যুক্ত হবে।
প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম স্থাপন করা হচ্ছে। এ ইউনিটে মোট ১৬৩টি ইউরেনিয়াম বান্ডেল ব্যবহার করা হবে, যেখানে প্রতিটি বান্ডেলে একাধিক ইউরেনিয়াম রড রয়েছে। পুরো জ্বালানি স্থাপন প্রক্রিয়া শেষ হতে প্রায় ৪০ থেকে ৪৫ দিন সময় লাগবে।


জ্বালানি স্থাপনের পর বিভিন্ন ধাপের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে কয়েক মাসের মধ্যে ধাপে ধাপে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। একবার জ্বালানি লোড করলে তা দিয়ে প্রায় দেড় বছর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে, যা অন্যান্য জ্বালানিনির্ভর কেন্দ্রের তুলনায় অনেক বেশি সুবিধাজনক।
রূপপুর কেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। শুরুতে প্রতি ইউনিট বিদ্যুতের খরচ ৬ টাকা ধরা হলেও সংশ্লিষ্ট সূত্র বলছে, বর্তমানে তা বেড়ে প্রায় ১২ টাকায় পৌঁছাতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এ প্রকল্প দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়নের এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।