রাজনীতি

সংসদে কুরআনের আইন প্রতিষ্ঠার দাবি জামায়াতের এমপির

detaillogo
ডেস্ক নিউজ
২৯ এপ্রিল ২০২৬, ১২:৫৬
PostImage

তিনি বলেন, ‘আমরা আল্লাহর আইন চাই। আসুন, মানুষের আইনের কবর রচনা করে কুরআনের আইন প্রতিষ্ঠা করি।’


বাংলাদেশে মানুষের তৈরি আইনের পরিবর্তে কুরআনের আইন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান।

বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি তোলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি বলেন, ‘আমরা আল্লাহর আইন চাই। আসুন, মানুষের আইনের কবর রচনা করে কুরআনের আইন প্রতিষ্ঠা করি।’ তিনি আরও বলেন, সংসদ ভবনে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও ঈমান’ লেখা থাকায় দেশের আইনের উৎস হওয়া উচিত আল কোরআন। তার মতে, দেশের অধিকাংশ মানুষ কুরআনের বিধানে বিশ্বাসী এবং সেটিই প্রতিষ্ঠার দাবি রাখে।


সুরা হজের ৪১ নম্বর আয়াতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাষ্ট্রক্ষমতায় যারা থাকবে তাদের নামাজ কায়েম, যাকাত চালু, সৎকাজের নির্দেশ এবং অসৎকাজ থেকে বিরত রাখার দায়িত্ব রয়েছে। মুজিবুর রহমান আক্ষেপ করে বলেন, অতীতে বিভিন্ন সরকার ক্ষমতায় থাকলেও জাতীয় সংসদে কুরআনের কোনো আইন বাস্তবায়ন করা হয়নি। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি প্রশ্ন তোলেন, দেশে কেন নামাজ ও যাকাতভিত্তিক ব্যবস্থা চালু করা হলো না এবং কেন সৎকাজ প্রতিষ্ঠা ও অসৎকাজ দমনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এ সময় দেশে ইসলামী আইন চালুর বিষয়ে পরামর্শ দিতে একটি ইসলামী বোর্ড গঠনের প্রস্তাব দেন তিনি। প্রস্তাবিত বোর্ডে সংসদের মাদ্রাসাপাস সদস্য, বিভিন্ন মাজহাবের আলেম এবং আহলে হাদিস আলেমদের অন্তর্ভুক্ত করার কথা বলেন।

বক্তব্যে তিনি সুদ, ঘুষ, মদ, জুয়া, ব্যভিচার, চাঁদাবাজি ও টেন্ডারবাজির সমালোচনাও করেন।