রাজনীতি

এনসিপিতে যোগ দিচ্ছেন মতিউর রহমান নিজামীর ছেলে ড. নাদিমুর রহমান

detaillogo
নিজস্ব প্রতিবেদক
৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৩
PostImage

দেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের ধারায় নতুন সংযোজন হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিতে যাচ্ছেন ড. মোহাম্মদ নাদিমুর রহমান।


দেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের ধারায় নতুন সংযোজন হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিতে যাচ্ছেন ড. মোহাম্মদ নাদিমুর রহমান। তিনি জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে এবং বর্তমানে তুরস্কের নিদে ওমের হালিসদেমির বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

রাজনৈতিক পরিবারের সদস্য হলেও ড. নাদিমুর রহমান প্রগতিশীল ও সংস্কারপন্থি চিন্তার জন্য পরিচিত। অতীতে জামায়াতের বিভিন্ন নীতির সমালোচনা এবং দলটির নাম পরিবর্তনের প্রস্তাব দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি প্রকাশ্যে এনসিপির দলীয় প্রতীক ‘শাপলা কলি’র প্রতি সমর্থন জানান। এবার আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দিতে যাচ্ছেন।


এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, নাদিমুর রহমান নিজ আগ্রহে দলে যুক্ত হতে চান এবং দল তাকে স্বাগত জানিয়েছে। শিগগিরই তার আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন হবে। বিষয়টি নিশ্চিত করে নাদিমুর রহমান বলেন, এনসিপির তরুণ নেতৃত্ব ও কার্যক্রম তাকে আকৃষ্ট করেছে। তিনি বর্তমানে দেশের বাইরে থাকলেও সেখান থেকেই দলের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং দেশে ফিরে একটি আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠানে অংশ নেবেন।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল থেকে এনসিপিতে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে নেতাকর্মীদের যোগদানের ধারা শুরু হয়েছে। আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোট ৪৫ জন নেতাকর্মী ইতোমধ্যে দলটিতে যোগ দিয়েছেন।

এনসিপি নেতারা জানিয়েছেন, ভবিষ্যতে আরও বিভিন্ন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের নেতাদের সঙ্গে যোগাযোগ চলছে এবং নতুন করে যোগদানের সম্ভাবনা রয়েছে।