চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বঙ্গভবনের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, রাষ্ট্রপতির চিকিৎসার জন্য লন্ডন সফরের বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে এবং চূড়ান্ত হয়নি। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ৯ মে তিনি চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যেতে পারেন। সেখানে একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সম্পন্ন করা হবে। সফর শেষে ১৭ মে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে। রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. রেবেকা সুলতানা, ব্যক্তিগত চিকিৎসকসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল থাকবে।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের অক্টোবরে তিনি সিঙ্গাপুরে কার্ডিয়াক বাইপাস সার্জারি করিয়েছিলেন।