প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অধিকার রক্ষায় জাতীয় সংসদই কেন্দ্রবিন্দু এবং জনগণের দেখভাল করাই সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং জবাবদিহিমূলক সরকার।
বক্তৃতায় নিজের প্রবাসজীবনের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক পরিস্থিতির কারণে তাকে দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে থাকতে হয়েছে। সেখানে শিক্ষাব্যবস্থার মান দেখে দেশের শিক্ষার উন্নয়ন নিয়ে ভাবনার কথা জানান তিনি। শিক্ষাক্ষেত্রে বড় পরিবর্তনের ঘোষণা দিয়ে তিনি বলেন, আগামী জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, ড্রেস ও জুতা প্রদান করা হবে। পাশাপাশি নারীদের শিক্ষার প্রসারে স্নাতক পর্যায় পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মেধার ভিত্তিতে উপবৃত্তি দেওয়া হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিরোধী দলের প্রস্তাব গ্রহণ করে একটি যৌথ কমিটি গঠন করেছে এবং দ্রুত সমাধানের আশা করা হচ্ছে। দেশের সাম্প্রতিক বন্যা ও জলাবদ্ধতার প্রসঙ্গ টেনে তিনি জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ কার্যক্রম জোরদার করা হবে।
বক্তৃতায় তিনি মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর গণঅভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলনে আত্মত্যাগকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।