জাতীয়

মহান মে দিবস আজ, দেশ-বিদেশে নানা আয়োজনে উদযাপন

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০১ মে ২০২৬, ০৫:০৬
PostImage

আজ মহান মে দিবস। বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার আদায়ের এই ঐতিহাসিক দিনটি নানা আয়োজনে পালিত হচ্ছে।


আজ মহান মে দিবস। বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার আদায়ের এই ঐতিহাসিক দিনটি নানা আয়োজনে পালিত হচ্ছে। বাংলাদেশেও সরকারি ছুটি এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য—‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’।

শুক্রবার (১ মে) রাজধানীতে কেন্দ্রীয়ভাবে আয়োজন করা হয়েছে আলোচনা সভা। সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর।

এদিকে দিবসটি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির জাতীয় ও শ্রমিক নেতারা অংশ নেবেন। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ৮০টিরও বেশি দেশে দিনটি সরকারি ছুটি হিসেবে পালিত হচ্ছে। বিভিন্ন দেশে র‍্যালি, সমাবেশ ও আলোচনার মাধ্যমে শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও ন্যায্য মজুরির বিষয়গুলো তুলে ধরা হচ্ছে।


ঐতিহাসিকভাবে, ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের আন্দোলনের মধ্য দিয়ে মে দিবসের সূচনা হয়। দীর্ঘ সময় কাজের প্রতিবাদে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামেন। একই বছরের ৪ মে হে মার্কেট চত্বরে সংঘটিত রক্তক্ষয়ী ঘটনার পর আন্দোলন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ১৮৮৯ সালে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে-কে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকে দিনটি বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার ও ন্যায্যতার প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে।