প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার (২ মে) সিলেট সফরে যাচ্ছেন। এ সফরে তিনি বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি ক্রীড়া আয়োজনেও অংশ নেবেন। সফরসূচি অনুযায়ী, সকাল ১০টার দিকে তিনি আকাশপথে ঢাকা থেকে সিলেট পৌঁছাবেন। এরপর সকাল সাড়ে ১০টায় হজরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করবেন। পরে বেলা ১১টার দিকে সুরমা নদীর তীর সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণে স্লুইসগেট স্থাপন ও ওয়াকওয়ে নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ উপলক্ষে চাঁদনিঘাট এলাকায় সুধী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে।
এছাড়া বেলা ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। উল্লেখ্য, এই খালটি প্রায় ৪৫ বছর আগে জিয়াউর রহমান খনন করেছিলেন। বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়াম থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমি-তে দলীয় সভায় অংশ নেবেন।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।