যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি চাইলেই বাতিল করা সম্ভব নয়, কারণ এটি পূর্ববর্তী সময় থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া। তবে দেশের স্বার্থ রক্ষাই সরকারের প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, চুক্তির কোনো ধারা যদি বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হয়, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। তাই এ বিষয়ে অযথা উদ্বিগ্ন না হওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত অতিরিক্ত শুল্কের প্রভাব কমাতে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে একটি পারস্পরিক শুল্ক চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন শেখ বশির উদ্দিন ও খলিলুর রহমান। যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেন দেশটির বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ।
জাতীয়