নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রপ্তানিমুখী নোবেল কটন স্পিনিং মিলস লিমিটেড কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন।
বুধবার (৬ মে) দুপুর ১২টার দিকে তারাবো পৌরসভার যাত্রামুড়া স্লুইস গেট এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।
শ্রমিকদের দাবি, কারখানাটিতে তুলা থেকে সুতা উৎপাদন করে বিদেশে রপ্তানি করা হয় এবং এখানে প্রায় ৭ শতাধিক শ্রমিক কর্মরত। তিন মাসের বকেয়া বেতন পরিশোধের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে একাধিক বৈঠক হলেও নির্ধারিত দিনেও বেতন পরিশোধ করা হয়নি। পরে শ্রমিকরা বেতন দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন।
একপর্যায়ে তারা কাজ বন্ধ রেখে পাশের ঢাকা-সিলেট মহাসড়কে উঠে অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ছয় কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।
খবর পেয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের শান্ত করে। পরে বৃহস্পতিবার (৭ মে) সকালে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, দুপুর দেড়টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।