জাতীয়

রাজধানীতে বাড়ছে পুলিশি নজরদারি, নতুন ৪ থানা ও ফাঁড়ির পরিকল্পনা: ডিএমপি

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৮ মে ২০২৬, ১৬:৩৭
PostImage

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা জোরদারে পুলিশি নজরদারি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।


রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা জোরদারে পুলিশি নজরদারি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। একই সঙ্গে নতুন আরও চারটি থানা ও পুলিশ ফাঁড়ি স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।



শুক্রবার (৮ মে) রাজধানীর খিলক্ষেত পুলিশ ফাঁড়ি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, রাজধানীর বিভিন্ন জনবহুল ও অপরাধপ্রবণ এলাকায় নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে একটি থানার প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে এবং বাকি তিনটি থানা স্থাপনের চেষ্টা চলছে।
তিনি জানান, ইতোমধ্যে কারওয়ান বাজার এলাকায় একটি নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ করা।



মো. সরওয়ার আরও বলেন, মোহাম্মদপুরের বেড়িবাঁধ হাউজিং এলাকায় জায়গা পাওয়া গেলে দ্রুত সেখানে আরেকটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে। এছাড়া বাড্ডা থেকে দূরবর্তী বেরাইদ এলাকায় নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রক্রিয়া চলছে। গেন্ডারিয়া ও ওয়ারী এলাকার ঘুমটিগড় এলাকাতেও নতুন ফাঁড়ি স্থাপনের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, বর্তমানে অনুমোদিত যেসব পুলিশ ফাঁড়ি কম গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে, সেগুলো পুনর্বিন্যাস করে জনবহুল ও অপরাধপ্রবণ এলাকায় স্থানান্তর করা হচ্ছে। খিলক্ষেত পুলিশ ফাঁড়ির উদ্বোধনও সেই কার্যক্রমের অংশ।



ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, গত ১৫ থেকে ১৬ বছর পুলিশের দিকে খুব বেশি নজর দেওয়া হয়নি। সে সময় পুলিশ হয়তো বিশেষ উদ্দেশ্যে কাজ করেছে। এখন আমরা জনগণের সেবার উদ্দেশ্যে কাজ করছি। জনগণের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে সব নাগরিকের জন্য সমানভাবে কাজ করছে পুলিশ। জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কার্যক্রম আরও জোরদার করা হবে।