তারেক রহমান বলেছেন, ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী বা স্বৈরাচারী শক্তি যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে শপথ নিতে হবে। রোববার (১০ মে) পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস-এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা রক্ষা করা সবার পবিত্র দায়িত্ব। বাংলাদেশে আর কোনো স্বৈরাচারী শক্তি যেন পুলিশ সদস্যদের জনগণ ও দেশের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সে লক্ষ্যে নতুন করে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জনগণের রায়ের ভিত্তিতে বর্তমান সরকার গঠিত হয়েছে।
তারেক রহমান বলেন, দেশের মানুষ বর্তমান সরকারের সময়ে শান্তি ও নিরাপত্তা প্রত্যাশা করে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সাধ্য ও সামর্থ্য দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে যে, অনুকূল পরিবেশ পেলে পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম।
বাংলাদেশ পুলিশ-এর আন্তর্জাতিক ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশ পুলিশ দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
জাতীয়