বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দিতে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদানের স্বীকৃতি হিসেবে এই কার্ডের মাধ্যমে বিভিন্ন বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ডা. আরিফুল হক চৌধুরী।
জাতিসংঘের দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’-এ অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন তিনি।
মন্ত্রী জানান, আগামী দুই মাসের মধ্যে এই ‘প্রবাসী কার্ড’ চালু হতে পারে। বৈধ পথে রেমিট্যান্স পাঠানো প্রবাসীরা এ কার্ডের আওতায় আসবেন। এর মাধ্যমে বিমানবন্দরে দ্রুত ইমিগ্রেশন সুবিধা, দেশে অবস্থানকালে নিরাপত্তা এবং সম্পদের সুরক্ষাসহ নানা সুবিধা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, “যারা বেশি রেমিট্যান্স পাঠাবেন, তাদের জন্য আরও বেশি লজিস্টিক সাপোর্ট দেওয়া হবে।”
প্রবাসীদের দেশে বিনিয়োগে উৎসাহিত করতে সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, অনেক প্রবাসী দেশে বিনিয়োগ করতে আগ্রহী হলেও নানা জটিলতা ও প্রতারণার কারণে পিছিয়ে যান। এ সমস্যা সমাধানে নিরাপদ বিনিয়োগ পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার।
প্রবাসীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী, বিদেশে মৃত্যুবরণ করা বাংলাদেশিদের মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। সরকার ইতোমধ্যে প্রবাসীবান্ধব নীতি গ্রহণ করেছে এবং এ দাবির বাস্তবায়নে কাজ চলছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে তিনি বলেন, বিষয়টি সময়সাপেক্ষ হলেও এ নিয়ে কাজ এগিয়ে চলছে। শুধু নিউইয়র্ক নয়, অন্যান্য দেশ থেকেও সরাসরি ফ্লাইট চালুর বিষয় বিবেচনায় রয়েছে।
সিলেট-৪ আসনের সংসদ সদস্য হিসেবে নিজের নির্বাচনি এলাকার উন্নয়ন প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, গোয়াইনঘাট উপজেলায় দ্রুত একটি ফায়ার সার্ভিস স্টেশন চালু করা হবে। এছাড়া জাফলং পর্যন্ত রেললাইন নির্মাণ এবং পর্যটন এলাকায় নিরাপত্তা ও পর্যটকবান্ধব সুবিধা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
শেষে তিনি বলেন, “কাদা ছোড়াছুড়ি ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”