জাতীয়

স্থানীয় সরকার নির্বাচন: প্রথম ধাপে ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১০ মে ২০২৬, ১৪:৫১
PostImage

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রথম ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।


স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রথম ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রার্থীদের নাম ঘোষণা করে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি। এ সময় কমিটির চেয়ারম্যান সারজিস আলমসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


দলটির পক্ষ থেকে জানানো হয়, পরবর্তী ধাপগুলোতে দেশের সব উপজেলা ও পৌরসভার চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের নাম পর্যায়ক্রমে ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি প্রকাশের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।


আওয়ামী লীগ ও বিএনপি থেকে আসা নেতাকর্মীদের প্রার্থী করা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, “পূর্বে বিএনপি বা জামায়াত করেছে—এমন নেতা যেমন আছেন, তেমনি আছেন যারা কখনো রাজনীতি করেননি। আবার এমন কিছু মানুষও আছেন যারা কয়েক বছর আগে আওয়ামী লীগের রাজনীতি করলেও পরে দলটির কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে রাজনীতি থেকে দূরে সরে যান এবং জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নেন।”

তিনি বলেন, “সব রাজনৈতিক পটভূমি যাচাই-বাছাই করে যাদের সবচেয়ে গ্রহণযোগ্য মনে হয়েছে, তাদেরই প্রার্থী করা হয়েছে।”

জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের সঙ্গে সমন্বয়ের বিষয়ে সারজিস আলম বলেন, “স্থানীয় নির্বাচনে এনসিপি আপাতত এককভাবে প্রস্তুতি নিচ্ছে। কারণ সব উপজেলায় ১১ দল মিলে একজন প্রার্থী নির্ধারণ করা কঠিন। তবে ভবিষ্যতে জোটগত কোনো সিদ্ধান্ত হলে আলোচনা করে তা জানানো হবে।”