জাতীয়

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয়: তারেক রহমান

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১১ মে ২০২৬, ১৫:১২
PostImage

তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি জনপ্রশাসন বা পুলিশ প্রশাসনের কোনো পদও কারও জন্য স্থায়ী নয়।


তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি জনপ্রশাসন বা পুলিশ প্রশাসনের কোনো পদও কারও জন্য স্থায়ী নয়। সোমবার (১১ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, “আমরা চিরস্থায়ী নই। অতীতেও বিভিন্ন সময়ে এটি প্রমাণিত হয়েছে এবং বিশ্বের সব দেশেই তা দেখা গেছে। একইভাবে প্রশাসনের কোনো পদও কারও জন্য চিরদিন সংরক্ষিত থাকে না।” তিনি আরও বলেন, একটি সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে। এ লক্ষ্য অর্জনে পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদের সরাসরি ভূমিকা রয়েছে। দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করা গেলে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশ আরও একধাপ এগিয়ে যাবে।


পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, “শুধু পদোন্নতি বা পছন্দের পোস্টিংয়ের প্রত্যাশা করলে তা পেশাদারিত্বের সঙ্গে আপস হয়ে যায়। যার যেখানে দায়িত্ব, সেটি গুরুত্বসহকারে পালন করতে হবে।” তিনি বলেন, জনগণের আস্থা অর্জন করতে পারলে মব ভায়োলেন্সসহ নানা সংকট মোকাবিলা সহজ হবে। বর্তমান সরকার পুলিশকে জনবান্ধব ও মানুষের আস্থার প্রতীক হিসেবে দেখতে চায়।

দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় মুখ্য নয়। যে অপরাধ করবে, তাকে অপরাধী হিসেবেই বিবেচনা করতে হবে।”

প্রযুক্তিনির্ভর অপরাধ বৃদ্ধির প্রসঙ্গ তুলে তিনি বলেন, বর্তমান সময়ে ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম বড় বাস্তবতা হয়ে উঠেছে। তাই পুলিশ কর্মকর্তাদের আরও দক্ষ ও বহুমুখী সক্ষমতা অর্জন করতে হবে।

পুলিশ সদস্যদের কল্যাণে সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করে তিনি জানান, সততা, মেধা ও দক্ষতাকেই নিয়োগ, বদলি ও পদোন্নতির মূল ভিত্তি করা হবে।


তারেক রহমান আরও বলেন, জনগণের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট বা নাশকতামূলক কর্মকাণ্ড যেন কেউ করতে না পারে, সে বিষয়ে পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।