শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও বাস্তবমুখী করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও বাস্তবমুখী করে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত পুরো শিক্ষা কাঠামোকে সময়োপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ‘Transforming Higher Education in Bangladesh : Roadmap to Sustainable Excellence’ শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় এগিয়ে নিতে শিক্ষার্থী এবং এলামনাইদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, “শিক্ষার্থীরা হলো বিশ্ববিদ্যালয়ের প্রাণ আর এলামনাইরা হলো তার মেরুদণ্ড।”
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র্যাংকিং প্রসঙ্গে তারেক রহমান বলেন, একবিংশ শতাব্দীতে শিক্ষা, গবেষণা ও জ্ঞানে উৎকর্ষতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান এখনও প্রত্যাশিত উচ্চতায় পৌঁছাতে পারেনি।
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ের ক্ষেত্রে গবেষণা প্রকাশনা ও উদ্ভাবনকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এসব বিষয়ে আমাদের অবস্থান কোথায়, তা নিয়ে শিক্ষাবিদদের আরও গভীরভাবে চিন্তা করতে হবে।”
প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু পুঁথিগত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। গবেষণা ও উদ্ভাবনে মনোযোগ না দিলে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কঠিন হয়ে পড়বে।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেবে।
এলামনাইদের সম্পৃক্ততার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিশ্বের অনেক উন্নত দেশে সাবেক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় পৃষ্ঠপোষকতা করে থাকেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদেরও এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “দেশে-বিদেশে প্রতিষ্ঠিত এলামনাইদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা উন্নয়নে সম্পৃক্ত করার উদ্যোগ নিতে হবে।”
অধ্যাপক মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।
কর্মশালায় পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম বদরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মো. আখতার হোসেন খান উপস্থিত থাকবেন।
জাতীয়