জাতীয়

পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে সিরিজে এগিয়ে টাইগাররা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১২ মে ২০২৬, ১৪:১৭
PostImage

মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ, পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে সিরিজে এগিয়ে টাইগাররা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়েছে বাংলাদেশ।


মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ, পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে সিরিজে এগিয়ে টাইগাররা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়েছে বাংলাদেশ। পেসার নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল।

২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার ইমাম-উল-হককে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। শেষ পর্যন্ত ১৬৩ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন তরুণ পেসার নাহিদ রানা। মাত্র ৪০ রান খরচায় ৫ উইকেট শিকার করে ম্যাচসেরা বোলিং উপহার দেন তিনি। এছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট নেন। একটি উইকেট পান মেহেদী হাসান মিরাজ।


পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন আব্দুল্লাহ ফজল। এছাড়া সালমান আগা ২৬ রান করেন। তবে অন্য ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ৪১৩ রান তোলে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং মুমিনুল হক ও মুশফিকুর রহিমের ফিফটিতে বড় সংগ্রহ পায় টাইগাররা। জবাবে পাকিস্তান করে ৩৮৬ রান।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান।

এ জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে প্রথম টেস্ট জয় তুলে নিল বাংলাদেশ। এর আগে ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল টাইগাররা।