পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট একটি কামরা বরাদ্দ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন।
আইনজীবী জানান, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারা অনুযায়ী প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা রাখার বিধান রয়েছে। এছাড়া ৫০ মাইলের বেশি দূরত্বের ট্রেনের ক্ষেত্রে ওই কামরার সঙ্গে একটি শৌচাগার সংযুক্ত থাকার কথাও আইনে উল্লেখ আছে। তিনি আরও বলেন, আইনের ১১৯ ধারায় নারীদের নির্ধারিত কামরায় বিনা অনুমতিতে প্রবেশ করলে জরিমানার বিধানও রয়েছে। তবে দীর্ঘদিন ধরেই এসব বিধান বাস্তবায়ন না হওয়ায় ২০২১ সালে আইনজীবী মমতাজ পারভীন রিট আবেদন করেন।
পরে গত ১০ মার্চ হাইকোর্ট রুল জারি করে জানতে চান, আইনের বিধান অনুযায়ী যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট কামরা বরাদ্দ রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না। বিচারাধীন ওই রুলে সম্পূরক আবেদন করা হলে আদালত ঈদযাত্রায় নারী যাত্রীদের ভোগান্তি কমাতে এ অন্তর্বর্তীকালীন নির্দেশনা দেন বলে জানান আইনজীবী মো. আজমল হোসেন খোকন।