সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সীমান্ত দিয়ে কোনো ধরনের ‘পুশইন’ যেন না হয়, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ-কে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, কুরবানির পশুরহাটের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সার্বভৌমত্বের বিষয় মাথায় রেখেই আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখি। কোনো দেশের অঙ্গরাজ্যের নির্বাচন বা অভ্যন্তরীণ বিষয় তাদের নিজস্ব ব্যাপার। কাঁটাতারের বেড়া যদি ভারত তাদের সীমার ভেতরে এবং নো-ম্যানস ল্যান্ড বজায় রেখে দিতে চায়, তাহলে সেটি কূটনৈতিকভাবে আলোচনা হবে।” তিনি আরও বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানালে তখন কূটনৈতিক পর্যায়ে আলোচনা করা হবে।”
ভারতের অভ্যন্তরীণ রাজনীতি বা অঙ্গরাজ্যের নির্বাচন নিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক প্রভাব পড়ার আশঙ্কা নাকচ করে দিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখে। সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
ঈদযাত্রা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ এবং মহাসড়কের গর্ত দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ফেরি ও লঞ্চে যাত্রী ও পশু পরিবহনে হয়রানি বন্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আশা প্রকাশ করেন, সরকারের নেওয়া পদক্ষেপের ফলে দেশবাসী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারবে।