জাতীয়

প্রতিবন্ধীবান্ধব সমাজ গঠনে কার্যকর উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৩ মে ২০২৬, ১৬:৩০
PostImage

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য প্রয়োজনীয় সেবা সহজলভ্য করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য প্রয়োজনীয় সেবা সহজলভ্য করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো, শিক্ষা, চিকিৎসা ও যাতায়াত সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। বুধবার (১৩ মে) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতে করণীয় নির্ধারণে এ সভার আয়োজন করা হয়।


প্রধানমন্ত্রী বলেন, সমাজের প্রতিটি স্তরে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মর্যাদা ও সক্ষমতাকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। এমন বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে হবে, যাতে তারা রাষ্ট্র ও সমাজের সব কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতে পারেন। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরা প্রতিবন্ধী ব্যক্তিদের নানা সমস্যা, সীমাবদ্ধতা ও সুযোগ-সুবিধার ঘাটতির বিষয় তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।

তিনি বলেন, ভবন নির্মাণ নীতিমালায় হাসপাতাল, রেস্টুরেন্টসহ সরকারি-বেসরকারি সব স্থাপনায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের চলাচল উপযোগী অবকাঠামো ও টয়লেট সুবিধা নিশ্চিত করতে হবে। পাশাপাশি কক্ষের দরজা এমনভাবে নির্মাণ করতে হবে, যাতে হুইলচেয়ার ব্যবহারকারীরা সহজে প্রবেশ করতে পারেন।


নারীদের জন্য চালুর পরিকল্পনায় থাকা ইলেকট্রিক বাসেও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় সুবিধা রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-কে সচেতনতা বৃদ্ধিমূলক অনুষ্ঠান ও প্রচারণা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া সারা দেশে পরিচালিত প্রতিবন্ধী স্কুলগুলোর কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অন্তর্ভুক্ত করার কথাও বলেন প্রধানমন্ত্রী।

সভায় সিদ্ধান্ত হয়, প্রাথমিকভাবে ১০ জেলার ১০ উপজেলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা নিশ্চিত করতে ‘শিশু স্বর্গ’ প্রকল্প চালু করা হবে। দ্রুত সময়ের মধ্যেই এ কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন মীর শাহে আলম, ডা. এম এ মুহিত, ইয়াসির খান চৌধুরী, ফারজানা শারমিন পুতুল, জোনায়েদ সাকি ও ববি হাজ্জাজসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।