জাতীয়

রামিসা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দাখিলের নির্দেশ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২১ মে ২০২৬, ০৫:৫৫
PostImage

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৭ দিনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী


রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৭ দিনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে আইনমন্ত্রী নিজেই এ তথ্য জানান। তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম সম্পন্ন করতে সরকার যথাযথ উদ্যোগ নেবে। গত মঙ্গলবার সকালে পল্লবী সেকশন-১১ এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন।

মামলায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাত আরও একজনকে আসামি করা হয়েছে। ঘটনার পর স্বপ্নাকে আটক করে পুলিশ। পরে আত্মগোপনে থাকা প্রধান আসামি সোহেল রানাকেও গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুই আসামিকে আদালতে হাজির করা হয়েছে। অপর অজ্ঞাত আসামি এখনও পলাতক রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা রামিসাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে। এছাড়া তিনি ম্যাজিস্ট্রেটের সামনেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি দিয়েছেন।

এদিকে, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রামিসার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে স্বজনরা গ্রামের বাড়িতে তাকে দাফন করেন।