সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আশা করছি, কিছু সময়ের মধ্যে আমরা সবাই ব্যারাকে ফেরত আসতে পারব। বৃহস্পতিবার (২১ মে) কুমিল্লা সেনানিবাস–এ আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান জানান, ইতোমধ্যে অনেক সেনাসদস্য ব্যারাকে ফিরে গেছেন। তবে এখনো দেশের ৬২ জেলায় প্রায় ১৬ থেকে ১৭ হাজার সেনাসদস্য দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, “যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের প্রয়োজন মনে করবে, ততক্ষণ মাঠপর্যায়ে দায়িত্ব পালন চলবে। বর্তমানে জ্বালানি ডিপোগুলোতেও আমাদের মোতায়েন রয়েছে।” দেশের স্থিতিশীলতা ও রাষ্ট্রীয় প্রয়োজনে সেনাবাহিনীর ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ২০২৪ সালের ২০ জুলাই থেকে দেশের প্রয়োজনে সেনাসদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
গত ১৬ মে শুরু হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতায় বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়।