আন্তর্জাতিক

ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না: ইরানের সর্বোচ্চ নেতার নির্দেশ

detaillogo
ডেস্ক নিউজ
২১ মে ২০২৬, ১৩:০৮
PostImage

আয়াতুল্লাহ মোজতবা খামেনি ইরানের হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোনো দেশে পাঠানো যাবে না বলে নির্দেশ দিয়েছেন।


আয়াতুল্লাহ মোজতবা খামেনি ইরানের হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোনো দেশে পাঠানো যাবে না বলে নির্দেশ দিয়েছেন। ইরানের দুই জ্যেষ্ঠ সূত্রের বরাতে এমন তথ্য প্রকাশ করেছে রয়টার্স।

ইরানের একটি সূত্র জানিয়েছে, সর্বোচ্চ নেতার নির্দেশনা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ঐকমত্য অনুযায়ী দেশের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বিদেশে পাঠানো হবে না। সূত্রগুলোর দাবি, ইরানের শীর্ষ কর্মকর্তারা মনে করছেন—যদি ইউরেনিয়াম বিদেশে পাঠানো হয়, তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা ইসরাইলের সম্ভাব্য হামলার মুখে দেশটি আরও ঝুঁকির মধ্যে পড়বে।


এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্র ও ইরান–এর মধ্যকার চলমান আলোচনা আরও জটিল হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। একইসঙ্গে এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর ওপরও নতুন চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইসরাইলি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ট্রাম্প নাকি ইসরাইল–কে আশ্বাস দিয়েছিলেন যে, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেশটির বাইরে সরিয়ে নেওয়া হবে এবং সম্ভাব্য শান্তিচুক্তিতে এই বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র, ইসরাইল ও পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে যে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। বিশেষ করে ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার কার্যক্রম নিয়ে তাদের উদ্বেগ রয়েছে। কারণ বেসামরিক ব্যবহারের জন্য এত উচ্চমাত্রার প্রয়োজন হয় না।

তবে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে।

এদিকে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশ থেকে সরিয়ে নেওয়া, প্রক্সি গোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধ করা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত তিনি যুদ্ধ শেষ হয়েছে বলে মনে করবেন না।

তবে ইউরেনিয়াম বিদেশে পাঠানোর বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস বা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।