নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যার পর উপজেলার তারাবো বাজার এলাকায় তারাবো উত্তরপাড়া এলাকার কুত্তা শ্রাবণ ওরফে শ্রাবণ গ্রুপ এবং দক্ষিণপাড়া এলাকার নবী ভান্ডারী গ্রুপের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তারাবো পৌরসভার উত্তরপাড়া এলাকার কুত্তা শ্রাবণ ও রুবেল গ্রুপের সঙ্গে দক্ষিণপাড়া এলাকার নাজমুল-নবী গ্রুপের দীর্ঘদিনের বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে উভয়পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলিতে রূপ নেয়। দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সংঘর্ষে অন্তত ছয়জন আহত হন। আহতদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা, তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন বাড়িঘর, দোকানপাট ও যানবাহনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। পাশাপাশি বাজারের কয়েকটি দোকানে লুটপাটের অভিযোগও পাওয়া গেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে রাতের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।