জাতীয়

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২২ মে ২০২৬, ১০:০৮
PostImage

ঝিনাইদহ জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে।


ঝিনাইদহ জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন তিনি।


সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পর ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই হামলা চালায়।


তার দাবি, প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এতে তিনজনের মাথা ফেটে যায় এবং আরও কয়েকজন আহত হন। তাকেও লক্ষ্য করে কিল-ঘুষি মারা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ সময় হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগ করেন এনসিপির এই নেতা। ঘটনার পর তারা থানায় অবস্থান করছেন এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

এর আগে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমও ফেসবুকে পোস্ট দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ করেন। একই ধরনের অভিযোগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারও। তবে এ ঘটনায় বিএনপি, ছাত্রদল বা যুবদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।