জাতীয়

শিশু রামিসা হত্যা মামলার বিচার এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী তারেক রহমান

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৩ মে ২০২৬, ১৫:৫৩
PostImage

তারেক রহমান বলেছেন, রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক।


তারেক রহমান বলেছেন, রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। এই ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে এবং এক মাসের মধ্যেই বিচার সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন তিনি। শনিবার (২৩ মে) নজরুল একাডেমি মাঠ-এ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।


তিনি বলেন, “এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড।”


তারেক রহমান আরও বলেন, ভবিষ্যতে যেন কেউ শিশু বা নারীর ওপর এ ধরনের নৃশংসতা চালানোর সাহস না পায়, সে জন্য কঠোর দৃষ্টান্ত স্থাপন করা হবে। এর আগে দুপুরে ত্রিশালে কানহর ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক জনসভায় তিনি বলেন, দেশে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে এবং আইনের শাসনে বাধা দিচ্ছে।


প্রধানমন্ত্রী অভিযোগ করেন, “১২ তারিখের নির্বাচনে জনগণ বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য তাদের জ্বালা ধরেছে। এজন্য তারা অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়।” তিনি আরও বলেন, যারা দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, তাদের সঙ্গে “৫ আগস্ট বিতাড়িতদের” যোগসাজশ রয়েছে বলেও সরকারের কাছে তথ্য আছে।