রাজনীতি

এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৩ মে ২০২৬, ১৭:০৫
PostImage

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম-কে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, কোন ফাইলে অনিয়ম হয়েছে তা প্রকাশ করতে হবে।


আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম-কে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, কোন ফাইলে অনিয়ম হয়েছে তা প্রকাশ করতে হবে। শনিবার (২৩ মে) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রীর আনা অভিযোগের জবাবে নিজের অবস্থান ব্যাখ্যা করেন সাবেক এই উপদেষ্টা।


আসিফ মাহমুদ বলেন, প্রতিমন্ত্রী যে অভিযোগ করেছেন, সেটির স্পষ্টতা প্রয়োজন। তিনি যেন সংশ্লিষ্ট ফাইল জনগণের সামনে প্রকাশ করেন। কোনো অনিয়ম হয়ে থাকলে জনগণের তা জানার অধিকার রয়েছে। তিনি আরও বলেন, কোনো সচিব বিদেশে থাকা বা অন্য কারণে অনুপস্থিত থাকলে জ্যেষ্ঠতার ভিত্তিতে অতিরিক্ত সচিব দায়িত্ব পালন করতে পারেন এবং সেটি মন্ত্রী বা উপদেষ্টার অনুমোদনেই হয়ে থাকে। এমন কিছু হয়ে থাকলে সেখানে আইনের কোনো ব্যত্যয় নেই বলেও দাবি করেন তিনি।


এর আগে এক বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পে সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল অনুমোদন করেছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যা বিধিবহির্ভূত। প্রতিমন্ত্রী জানান, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন দপ্তর-সংস্থাগুলোর কার্যক্রম খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৬০ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


তিনি আরও অভিযোগ করেন, পিরোজপুরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম হয়েছে। টেন্ডার দেওয়ার পর কাজ না করেই প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলনের অভিযোগও তোলেন তিনি। এ কারণে জেলার অনেক উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে বলেও দাবি করেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের সব জেলার উন্নয়নে সমান গুরুত্ব দেওয়া হবে, যার মধ্যে গোপালগঞ্জ ও বগুড়াও রয়েছে।