বিগত ১৭ বছর ধরে স্বৈরাচারী সরকার উন্নয়নের বুলি আউড়ে জনগণের ট্যাক্সের টাকা দেদারসে লুট করেছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি দাবি করেন, ফ্যাসিষ্ট আওয়ামী লীগের কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের এমন কোনো নেতাকর্মী নেই, যারা এই হরিলুটের সাথে জড়িত ছিল না।
শনিবার বিকেলে রূপগঞ্জের তারাবো পৌরসভায় প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে ৪টি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শেষে এক সমাবেশে এমপি দিপু ভূঁইয়া এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রাজধানীর কোলঘেঁষে অবস্থিত তারাবো পৌরসভাকে দেশের অন্যতম শীর্ষ ও প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে বিবেচনা করা হয়। এখানে বিশাল শিল্পাঞ্চলসহ কয়েক লাখ মানুষের বসবাস। অথচ গত ১৭ বছরে এই এলাকায় চোখে পড়ার মতো কোনো উন্নয়নই হয়নি। এখানকার বাসিন্দারা তীব্র জলাবদ্ধতা ও ভাঙাচোরা রাস্তাসহ নানামুখী সংকটে ভুগছেন। জনগণের রক্ত জল করা ট্যাক্সের টাকা এবং সরকারি বরাদ্দের পুরোটাই শোষকের মতো লুটেপুটে খাওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তারাবো পৌরসভার প্রশাসক সাইফুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।