জাতীয়

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন খুরশীদ আলম

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৪ মে ২০২৬, ১৭:৩৩
PostImage

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।


ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (২৪ মে) ব্যাংকটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করার পরপরই কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ ব্যাংকের এক চিঠিতে ইসলামী ব্যাংককে নতুন চেয়ারম্যান নিয়োগের বিষয়টি জানানো হয়েছে। এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে খুরশীদ আলমকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে ওই বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন চার কর্মকর্তার সঙ্গে তাকেও পদত্যাগ করতে হয়। প্রায় নয় মাস পর আবারও গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরলেন তিনি।

১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন খুরশীদ আলম। দীর্ঘ কর্মজীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, কৃষি ঋণ বিভাগ, পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট, কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ, অফসাইট সুপারভিশন বিভাগ, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ ও সচিব বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাসিন্দা।

এর আগে গত বছরের ২৩ জুলাই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান। সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের পদত্যাগের পর তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল। এদিকে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আন্দোলনের মুখে রোববার ব্যাংকটির পূর্বনির্ধারিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়নি। রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা হওয়ার কথা ছিল।

আলোচনায় ছিল, বাধ্যতামূলক ছুটিতে থাকা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খান সভায় পদত্যাগ করতে পারেন। গত এপ্রিল মাসে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে তাকে ৪৯ দিনের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। আগামী ৩১ মে তার ছুটি শেষ হওয়ার কথা রয়েছে। রোববার তিনি প্রধান কার্যালয়ে এলেও আন্দোলনকারীরা তাকে ভেতরে প্রবেশ করতে দেননি।