জাতীয়

ঈদযাত্রায় কমলাপুরে উপচে পড়া ভিড়

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৫ মে ২০২৬, ০৭:৩৯
PostImage

ট্রেন বিলম্বে ভোগান্তিতে হাজারো ঘরমুখো মানুষ


পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঈদের ছুটির প্রথম দিন সোমবার (২৫ মে) বিভিন্ন গন্তব্যের অন্তত পাঁচটি ট্রেন বিলম্বে ছেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

জানা গেছে, ঈদযাত্রার ব্যস্ততার মধ্যেই উত্তরাঞ্চলগামীসহ কয়েকটি ট্রেনের সময়সূচিতে বিপর্যয় দেখা দেয়। সকাল থেকে বিভিন্ন গন্তব্যে প্রায় ১৫টি ট্রেন ছেড়ে গেলেও কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের অনেক পরে স্টেশন ত্যাগ করে।

স্টেশন সূত্রে জানা যায়, সকাল ৬টার ধূমকেতু এক্সপ্রেস আধা ঘণ্টা বিলম্বে সকাল সাড়ে ৬টায় ছেড়ে যায়। সকাল ৬টা ৪৫ মিনিটের নীলসাগর এক্সপ্রেস দীর্ঘ বিলম্বের পর সকাল ৮টা ১০ মিনিটে স্টেশন ত্যাগ করে।

এদিকে রংপুর এক্সপ্রেস সকাল ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সম্ভাব্য সময় জানানো হয় সকাল ১০টা ৪৫ মিনিট। ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেন সকাল ৯টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটির নতুন সময় নির্ধারণ করা হয় সকাল ১০টা ৫০ মিনিটে। এছাড়া সকাল ১০টা ১৫ মিনিটের একতা এক্সপ্রেস সকাল সাড়ে ১০টা পেরিয়ে গেলেও তখন পর্যন্ত প্ল্যাটফর্মে পৌঁছায়নি।

ট্রেন বিলম্বের কারণে প্ল্যাটফর্মজুড়ে যাত্রীদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ দেখা যায়। পরিবার-পরিজন নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে অনেককে।

ঈদকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। টিকিট সংকট, সড়কের যানজট ও অতিরিক্ত ভাড়ার ঝামেলা এড়াতে অনেকে ট্রেনকেই বেছে নিচ্ছেন। সরকারি ছুটির আগেই যাত্রা করায় বাড়তি ভাড়া গুনতে না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ঘরমুখো যাত্রীরা।

অন্যদিকে এখনো সরকারি ছুটি পুরোপুরি শুরু না হওয়ায় বাস টার্মিনালগুলোতে তেমন চাপ দেখা যায়নি। তবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী দূরপাল্লার বাস চলাচল করছে বলে জানিয়েছেন পরিবহনসংশ্লিষ্টরা।