সারাদেশ

টাঙ্গাইলের এলেঙ্গায় রডভর্তি ট্রাক উল্টে ১৫ জন নিহত

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৫ মে ২০২৬, ০৮:০০
PostImage

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।


টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে ট্রাকটিতে করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাচ্ছিলেন যাত্রীরা। রডবোঝাই ট্রাকটির ওপর বসেই তারা গন্তব্যে রওনা হয়েছিলেন।

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান, ভোরে ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকে থাকা ভারী রডের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার কাজে অংশ নেন। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, হতাহতদের বেশিরভাগই নিম্নআয়ের মানুষ। কম ভাড়ায় ঈদে বাড়ি ফেরার জন্য তারা ট্রাকের রডের ওপর বসে যাত্রা করছিলেন। ট্রাক উল্টে যাওয়ার পর তারা রডের নিচে চাপা পড়ে মারা যান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে। এদিকে দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চলাকালে মহাসড়কে কিছু সময় যানজট সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।