পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত রাজধানীর ঐতিহ্যবাহী জাতীয় ঈদগাহ ময়দান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর সার্বিক তত্ত্বাবধানে এবারও এখানে দেশের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বিদেশি কূটনীতিকরা।
প্রায় ৩০ হাজার বর্গমিটারের বিশাল এ ঈদগাহ ময়দানের প্রায় ২৫ হাজার ৪০০ বর্গমিটার এলাকাজুড়ে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন প্যান্ডেল। এখানে ১২১টি কাতারে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
মুসল্লিদের সুবিধার্থে নারী ও পুরুষদের জন্য আলাদা প্রবেশ ও বের হওয়ার গেট, পৃথক নামাজের স্থান এবং অজুর সুব্যবস্থা রাখা হয়েছে।
ভিআইপিদের জন্য বিশেষ সংরক্ষিত স্থান
সাধারণ পুরুষদের জন্য ৬৫টি বড় কাতার
নারীদের জন্য ৫০টি ছোট কাতার
একসঙ্গে ১৪০ জনের অজুর ব্যবস্থা
এ ছাড়া গরম ও বৃষ্টির কথা বিবেচনায় রেখে ওয়াটারপ্রুফ সামিয়ানা, ফ্যান, এয়ার কন্ডিশনার, পর্যাপ্ত আলোকসজ্জা, বিশুদ্ধ পানি ও কার্পেটের ব্যবস্থা করা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির পাশাপাশি ফায়ার সার্ভিস, জরুরি চিকিৎসা কেন্দ্র এবং ভ্রাম্যমাণ টয়লেটও প্রস্তুত রাখা হয়েছে।