জাতীয় ঐক্য ও দেশ গঠনের প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীর ঢাকায় প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, “আমাদের প্রধান লক্ষ্য এবং একমাত্র স্লোগান— সবার আগে বাংলাদেশ। আমরা বিশ্বাস করি, আমরা করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। এই মূলনীতিকে ধারণ করে দেশের প্রতিটি নাগরিককে সঙ্গে নিয়ে একটি সুদৃঢ় জাতীয় ঐক্যের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে চাই।”
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে জনগণ এখন মুক্ত, স্বাধীন ও শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করছে। এই স্বাধীন পরিবেশেই দেশবাসী ধারাবাহিকভাবে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারছে বলেও মন্তব্য করেন তিনি।
দেশের শান্তি-শৃঙ্খলা ও অব্যাহত উন্নয়ন কামনায় সবাইকে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর অ্যাডহক কমিটির সদস্য সৈয়দ ইব্রাহিম আহমদসহ অন্যরা উপস্থিত ছিলেন।