জাতীয়

আদ্‌-দ্বীনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৮ মে ২০২৬, ১০:৪৯
PostImage

আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এ ছয় শিশুর মৃত্যুর ঘটনায়


রাজধানীর আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এ ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার নামাজ শেষে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।



স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আজকের এই খুশির দিনে একটি বেদনাদায়ক খবর হলো বুধবার আদ্‌-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা। একটি মায়ের অনুরোধে হাসপাতালের শিশু ওয়ার্ডের এসি বন্ধ করে দেওয়া হয়। পরে সম্ভবত গ্যাস লিকেজের কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, যা অত্যন্ত দুঃখজনক।”


তিনি জানান, এ ঘটনায় ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর হাসপাতালটির বিরুদ্ধে প্রয়োজনীয় সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


এদিকে হামের টিকাদান কর্মসূচি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
তিনি বলেন, “হামকে যদি আমরা নিয়ন্ত্রণে আনতে না পারতাম, তাহলে হাজার হাজার শিশুর মৃত্যু হতো। আমরা ইতোমধ্যে ২ কোটির বেশি শিশুকে টিকা দিয়েছি। পর্যাপ্ত টিকা আমাদের হাতে রয়েছে এবং নিয়মিত টিকাদান কার্যক্রমও চলমান আছে।”
মন্ত্রী আরও জানান, দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনার কাজ অব্যাহত রয়েছে এবং এতে মৃত্যুর হারও কমে এসেছে।