জাতীয়

নতুন বাজেটে বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর দিল সরকার

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১১ জুন ২০২৬, ১৩:৩৭
PostImage

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট


আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য চালু থাকা সর্বজনীন পেনশন কর্মসূচিতে নতুন সুবিধা যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, অবসর গ্রহণের সময় অংশগ্রহণকারীরা তাদের মোট সঞ্চিত অর্থের ৩০ শতাংশ এককালীন গ্র্যাচুইটি হিসেবে পাবেন। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।

অর্থমন্ত্রী বলেন, সামাজিক সুরক্ষাব্যবস্থাকে আরও কার্যকর, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এর অংশ হিসেবে বেসরকারি খাতের কর্মীদের জন্য চালু হওয়া সর্বজনীন পেনশন তহবিলের আওতায় অবসরের সময় মোট সঞ্চিত অর্থের ৩০ শতাংশ এককালীন গ্র্যাচুইটি হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, এই প্রস্তাব বাস্তবায়িত হলে অবসরপ্রাপ্ত চাকরিজীবীরা নিয়মিত মাসিক পেনশনের পাশাপাশি এককালীন একটি উল্লেখযোগ্য অর্থ পাবেন, যা তাদের অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা আরও জোরদার করবে। এবারের বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ, নারী ও প্রবীণদের সহায়তা বৃদ্ধি, প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানো এবং সর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।


এছাড়া বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী-নিগৃহীতা ভাতা অব্যাহত রাখার প্রস্তাবও রাখা হয়েছে। সামাজিক নিরাপত্তা খাতে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ১ লাখ ২৬ হাজার ৭৩১ কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে, নতুন গ্র্যাচুইটি সুবিধা বেসরকারি চাকরিজীবীদের সর্বজনীন পেনশন কর্মসূচিতে অংশগ্রহণে আরও উৎসাহিত করবে এবং অবসর-পরবর্তী জীবনে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।