জাতীয়

নভেম্বরেই চালু হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১২ জুন ২০২৬, ০৯:৩২
PostImage

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট আগামী নভেম্বর মাসের মধ্যেই চালু করা সম্ভব হবে বলে


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট আগামী নভেম্বর মাসের মধ্যেই চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার সকালে রাজধানীর আফতাবনগরে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)-এর প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, রূপপুর প্রকল্পের নির্ধারিত লক্ষ্য অর্জনে হাতে সময় খুবই কম। এ কারণে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে দ্রুতগতিতে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই প্রথম ইউনিট উৎপাদনে যেতে পারে। বিদ্যুৎ খাতে আগের সরকারের নেওয়া বিভিন্ন চুক্তি ও দায়বদ্ধতার বিষয়ে তিনি বলেন, ক্যাপাসিটি চার্জের নামে দেশের ওপর বড় ধরনের আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। তবে এসব চুক্তি তাৎক্ষণিকভাবে বাতিল বা পরিবর্তন করা সম্ভব নয়, কারণ বিষয়গুলো আইনি প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত।


তিনি আরও জানান, বিদ্যমান চুক্তিগুলো বর্তমানে আইন মন্ত্রণালয়ের পর্যালোচনায় রয়েছে। আইনগত কাঠামো অনুসরণ করেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের চলমান লোডশেডিং ও বিদ্যুৎ সরবরাহ সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, উৎপাদন বৃদ্ধি পেলেও বিতরণ ব্যবস্থার উন্নয়নে পর্যাপ্ত সমন্বয় করা হয়নি। ফলে অনেক এলাকায় উৎপাদন ও সঞ্চালন স্বাভাবিক থাকলেও বিতরণ লাইনের ত্রুটির কারণে গ্রাহকদের দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকতে হচ্ছে।

তিনি বলেন, অপরিকল্পিতভাবে বিতরণ লাইন স্থাপন এবং অবকাঠামোগত দুর্বলতার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব সমস্যা সমাধান এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও কার্যকর করার লক্ষ্যে পিজিসিবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করা হয়েছে।

বিদ্যুৎমন্ত্রী আশা প্রকাশ করেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিদ্যুৎ খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের জনগণকে আরও নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।