জাতীয়

আগামী অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১২ জুন ২০২৬, ১৩:৫৯
PostImage

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল বলেছেন


সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল বলেছেন, আগামী অর্থবছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। পাশাপাশি বিভিন্ন সামাজিক ভাতা কর্মসূচির আওতা বৃদ্ধি এবং দূরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তার পরিমাণ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে।


শুক্রবার দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তন-এ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ এবং শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।


অনুষ্ঠানে হতদরিদ্র পরিবারের মাঝে সাবমার্সিবল পাম্প, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের কর্মসহায়ক উপকরণ ও শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। দেবাশীষ বসাক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল হান্নান, ড. ভবসিন্ধু রায়, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রশীদ চৌধুরী এবং সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান।


এর আগে প্রতিমন্ত্রী উপজেলা জিমনেশিয়ামে আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচির উদ্বোধন করেন। পরে উপজেলা চত্বরে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার, ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ এবং উপজেলা খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানগুলোতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।