জাতীয়

বেনজীর আহমেদকে দেশে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৫ জুন ২০২৬, ১৭:০৩
PostImage

সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক


সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে থাকা দুর্নীতি, মানি লন্ডারিং, অবৈধ সম্পদ অর্জন ও পাসপোর্ট জালিয়াতিসহ মোট ছয়টি মামলার তথ্য-প্রমাণ একত্র করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

দুদকের অনুসন্ধানে বেনজীর আহমেদ ও তার পরিবারের নামে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর ও বান্দরবানসহ দেশের বিভিন্ন এলাকায় প্রায় ৩৪৫ বিঘা জমি এবং বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে থাকা তার একটি ফ্ল্যাটও জব্দ করা হয়েছে।
দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম জানিয়েছেন, প্রত্যর্পণ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় নথি প্রস্তুতের কাজ চলছে। প্রক্রিয়া সম্পন্ন হলে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) বাংলাদেশের এনসিবিকে পাঠানো এক চিঠিতে জানিয়েছে, দেশটির ‘ফৌজদারি বিষয়ে আন্তর্জাতিক বিচারিক সহযোগিতা সংক্রান্ত’ ফেডারেল আইন অনুযায়ী গ্রেফতারকৃত ব্যক্তির প্রত্যর্পণ চেয়ে বাংলাদেশকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক আবেদন পাঠাতে হবে। প্রত্যর্পণ আবেদনের সঙ্গে অভিযুক্ত ব্যক্তির পরিচয়, ছবি, জাতীয়তা, ঠিকানা, আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা, মামলার বিস্তারিত বিবরণ, তদন্ত প্রতিবেদন এবং সংশ্লিষ্ট আইনগত নথিপত্রের আরবি ভাষায় অনূদিত ও সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১০ এপ্রিল ইন্টারপোল বেনজীর আহমেদের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করে। বর্তমানে তার প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন করতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।