জাতীয়

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৬ জুন ২০২৬, ১৬:২২
PostImage

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আফরোজা আব্বাস।


জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আফরোজা আব্বাস। আগামী দুই বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১৬ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ধারা ৮(১) ও ৮(২) অনুযায়ী আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।


নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী দুই বছর তিনি এ পদে বহাল থাকবেন। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই প্রয়োজন মনে করলে সরকার যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। আফরোজা আব্বাস বর্তমানে বিএনপির অঙ্গসংগঠন মহিলা দলের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মির্জা আব্বাস-এর সহধর্মিণী।

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে দেশের নারী উন্নয়ন, ক্ষমতায়ন ও কল্যাণমূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।