দেশের স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী কয়েক বছরের মধ্যে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি ধাত্রীবিদ্যায় দক্ষ আরও ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়া হবে। রবিবার (২২ জুন) পর্তুগালের লিসবন সফর শেষে দেশে ফিরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
তিনি বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ড. জিয়াউদ্দিন হায়দার জানান, আগামী তিন থেকে চার বছরের মধ্যে প্রায় এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও সহজে স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবে।
তিনি আরও বলেন, একই সময়ে পর্যায়ক্রমে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। তবে নিয়োগের আগে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা যায়।
সরকার ইতোমধ্যে মিডওয়াইফদের প্রশিক্ষণের মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে বলেও জানান তিনি।
স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী বলেন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদার করা এবং মাতৃস্বাস্থ্য সুরক্ষায় দক্ষ জনবল তৈরি করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এই নিয়োগ কার্যক্রম বাস্তবায়িত হলে দেশের স্বাস্থ্যখাতে একটি বড় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।