চলতি বছরের শেষ দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। রোববার (২১ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) আগামী ৩০ বছরের মাস্টারপ্ল্যান বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বগুড়া বিমানবন্দরের উন্নয়ন কাজসহ দেশের অন্যান্য বিমানবন্দরের প্রকল্পগুলোও দ্রুত শুরু করা হবে। সরকারের লক্ষ্য বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করা। আফরোজা খানম বলেন, নতুন মাস্টারপ্ল্যান দেশের বিমান চলাচল খাতের আগামী ২০ থেকে ৩০ বছরের উন্নয়ন পরিকল্পনা, অগ্রাধিকার এবং কৌশলগত দিকনির্দেশনা নির্ধারণ করবে।
তিনি আরও জানান, এ পরিকল্পনার আওতায় বিমানবন্দরের অবকাঠামো উন্নয়ন, এয়ার ন্যাভিগেশন সেবার আধুনিকায়ন, এয়ারলাইন্স খাতের সম্প্রসারণ, দক্ষ জনবল তৈরি, নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশবান্ধব প্রযুক্তিনির্ভর উন্নয়ন নিশ্চিত করা হবে।
দেশের ইতিহাসে প্রথমবারের মতো সমন্বিত জাতীয় বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় বিমান পরিবহন মন্ত্রণালয়, বেবিচক, সশস্ত্র বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।