জাতীয়

সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৩ জুন ২০২৬, ১২:৪৩
PostImage

জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ আলোচনার সময় সংশ্লিষ্ট মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা।


জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ আলোচনার সময় সংশ্লিষ্ট মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা। এ বিষয়ে সংসদের কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি। মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা বলেন, সংসদকে কার্যকর ও প্রাণবন্ত রাখতে স্পিকার শুরু থেকেই সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে আসছেন। কিন্তু অনেক সময় দেখা যায়, কোনো মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা চললেও সংশ্লিষ্ট মন্ত্রী বা দায়িত্বশীল প্রতিনিধি সংসদ কক্ষে উপস্থিত থাকেন না।


তিনি বলেন, সংসদ সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন, যা সংশ্লিষ্ট মন্ত্রীদের সরাসরি শোনা প্রয়োজন। মন্ত্রিপরিষদের সদস্যরা নিয়মিত উপস্থিত না থাকলে সংসদীয় আলোচনার কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হয়। এ সময় তিনি সংসদ কক্ষের শৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন। বিরোধীদলীয় নেতা বলেন, অধিবেশন চলাকালে কখনো কখনো কয়েকজন সদস্যকে ছোট ছোট দলে বিভক্ত হয়ে আলাদা আলোচনা করতে দেখা যায়, যা সংসদের মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি আরও বলেন, একদিকে গুরুত্বপূর্ণ আলোচনা চলতে থাকে, অন্যদিকে কয়েকজন সদস্য আলাদা বৈঠকের মতো পরিবেশ তৈরি করেন। এতে অন্য সদস্যদেরও আলোচনা অনুসরণে অসুবিধা হয়।


জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, “রাষ্ট্রীয় কোনো কাজ সংসদ অধিবেশনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। সব রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে সংসদ অধিবেশনই সর্বোচ্চ গুরুত্ব বহন করে।”

তিনি বলেন, বাজেট অধিবেশন চলাকালে স্বাস্থ্য, আইন-শৃঙ্খলা, স্থানীয় সরকারসহ বিভিন্ন মন্ত্রণালয়-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এসব আলোচনায় সংশ্লিষ্ট মন্ত্রীদের উপস্থিত থেকে সংসদ সদস্যদের বক্তব্য শোনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।


সংসদ কক্ষের শৃঙ্খলা প্রসঙ্গে স্পিকার বলেন, তিনি মাঝেমধ্যে সদস্যদের ছোট ছোট দলে আলোচনা করতে এবং আসন ছেড়ে অন্যত্র গিয়ে কথাবার্তা বলতে দেখেন। এমনকি কয়েকবার ‘ফ্লোর ক্রসিং’-এর ঘটনাও তার নজরে এসেছে। তিনি সদস্যদের উদ্দেশে বলেন, “সংসদের ভেতরে গ্রুপভিত্তিক আলোচনা পরিহার করুন। নিজ নিজ আসনে বসে কার্যক্রমে অংশ নিন এবং আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনুন। সংসদের শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।”

পয়েন্ট অব অর্ডার নিষ্পত্তির পর ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়। প্রথম বক্তা হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আইনুল হক।