ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বহিরাগতদের প্রবেশ এবং যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বকাপ চলাকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথ—শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ী ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত দিয়ে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার গাড়ি ছাড়া অন্য যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।
জরুরি সেবার আওতায় থাকবে অ্যাম্বুল্যান্স, চিকিৎসক, রোগীবাহী যানবাহন, সাংবাদিকদের গাড়ি, রাইড শেয়ার সেবা, খাবার সরবরাহকারী যানবাহন, অনলাইন শপিং ডেলিভারি বাহন এবং অন্যান্য সরকারি যানবাহন।
এছাড়া গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ সব সময়ের জন্যই নিয়ন্ত্রিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে অংশীজনদের মতামত, পরামর্শ এবং বাস্তব পরিস্থিতির আলোকে এই সিদ্ধান্ত সময়ে সময়ে পুনর্মূল্যায়ন ও প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।