নিম্ন আয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে সরকারি বিপণন সংস্থা টিসিবির জন্য ৪ কোটি লিটার ভোজ্যতেল ও ২২ হাজার ৫০০ টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এসব পণ্য কিনতে মোট ব্যয় হবে ৮২২ কোটি ৩১ লাখ টাকা।
বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে মোট ২৩টি ক্রয় প্রস্তাব অনুমোদিত হয়েছে। স্থানীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার টন মসুর ডাল সরবরাহ করবে পায়েল অটোমেটিক ফুড প্রসেসিং মিলস। প্রতি কেজি ডালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮১ টাকা ৪৭ পয়সা, যার মোট ব্যয় ৮১ কোটি ৪৭ লাখ টাকা।
এছাড়া আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১২ হাজার ৫০০ টন মসুর ডাল সরবরাহ করবে MCG International Pty Ltd। প্রতি টন ডালের মূল্য ৫৫৯ মার্কিন ডলার, মোট ব্যয় ৮৫ কোটি ৭৭ লাখ টাকা। পরিবহন ব্যয়সহ প্রতি কেজি ডালের দাম হবে ৭৪ টাকা ৮৬ পয়সা। টিসিবির জন্য ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন তেল সরবরাহ করবে শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এতে ব্যয় হবে ৩৬৭ কোটি ৯০ লাখ টাকা। পরিবহন ব্যয়সহ প্রতি লিটার তেলের মূল্য হবে ১৮৩ টাকা ৯৫ পয়সা।
অন্যদিকে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আরও ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কিনবে সরকার। সরবরাহ করবে MCG International Pty Ltd। এ বাবদ ব্যয় হবে ২৭৭ কোটি ১৭ লাখ টাকা। পরিবহন ব্যয়সহ প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬৪ টাকা ৭৭ পয়সা।
সরকার জানিয়েছে, এসব তেল ও ডাল টিসিবির মাধ্যমে নিম্ন আয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে।