শিক্ষা

খাতা চ্যালেঞ্জে শুধু নম্বর গণনা নয়, হবে পূর্ণ পুনর্মূল্যায়ন: শিক্ষামন্ত্রী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৫ জুন ২০২৬, ১৪:২৩
PostImage

খাতা পুনর্নিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) ক্ষেত্রে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক।


এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) ক্ষেত্রে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক। এখন থেকে শুধু নম্বর যোগে ভুল হয়েছে কি না তা নয়, পরীক্ষক উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন করেছেন কি না এবং কোনো প্রশ্নে প্রাপ্য নম্বর কম দেওয়া হয়েছে কি না, তাও পুনর্মূল্যায়ন করা হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) বরিশাল শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, আগে খাতা চ্যালেঞ্জ করলে কেবল নম্বর গণনায় কোনো ভুল হয়েছে কি না তা যাচাই করা হতো। তবে আইন সংশোধনের মাধ্যমে এখন মূল্যায়ন প্রক্রিয়াকে আরও বিস্তৃত করা হয়েছে। ফলে উত্তরপত্রের মূল্যায়ন যথাযথ হয়েছে কি না এবং কোনো প্রশ্নে নম্বর কম দেওয়া হয়েছে কি না, সেগুলোও পুনর্বিবেচনা করা হবে।


আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত সভায় পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনা, শৃঙ্খলা, নিরাপত্তা এবং পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।প্রশ্নপত্র ফাঁস ও নকল প্রতিরোধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার পর এখন শিক্ষার গুণগত মান উন্নয়ন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। শিক্ষাব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষকদের পেশাগত পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতেও কাজ চলছে।

আরও পড়ুন