জাতীয়

গুমের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: মির্জা ফখরুল

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৬ জুন ২০২৬, ১১:৫২
PostImage

গুমের সঙ্গে জড়িত ব্যক্তি যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না


গুমের সঙ্গে জড়িত ব্যক্তি যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গুমের ঘটনায় জড়িতদের একে একে আইনের আওতায় আনা হবে এবং সবার বিচার নিশ্চিত করা হবে।


শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে গুমের শিকার পরিবারের সদস্যদের সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গুম মানবতার বিরুদ্ধে একটি জঘন্য অপরাধ। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের প্রকাশ্যে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তিনি আশ্বাস দিয়ে বলেন, এই অপরাধের সঙ্গে সম্পৃক্ত কেউই আইনের ঊর্ধ্বে নয়।

গুমের শিকার পরিবারগুলোর দুর্ভোগের কথা তুলে ধরে তিনি বলেন, তাদের যে ক্ষতি হয়েছে, তা কখনো পূরণ করা সম্ভব নয়। তবে রাষ্ট্র তাদের পাশে দাঁড়াতে পারে এবং ভবিষ্যৎ নিরাপদ করতে প্রয়োজনীয় সহায়তা দিতে পারে।


গুমের ঘটনায় অভিযুক্তদের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান গ্রেপ্তার হয়েছেন এবং তার বিচার চলছে। এছাড়া সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদও আইনি প্রক্রিয়ার মুখোমুখি হয়েছেন। তিনি বলেন, একে একে সবাই আইনের আওতায় আসবে এবং প্রত্যেকের বিচার হবে।

গুমের শিকার পরিবারগুলোর জন্য বিশেষ সহায়তার কথাও জানান স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা ও জুলাই বিপ্লবের যোদ্ধাদের মতো গুম হওয়া ব্যক্তিদের পরিবারও রাষ্ট্রীয় সহায়তার দাবিদার। আগামী বাজেটে গুমের শিকার পরিবারের সদস্যদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করার প্রস্তাব দেওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন