সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসছে’ শিরোনামে ছড়িয়ে পড়া সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এক বিবৃতিতে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসছে’—এমন শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। বাস্তবে এ ধরনের কোনো ঘটনার তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নেই। এ এইচ এম শাহাদাত হোসাইন আরও বলেন, একটি মহল পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ও মনোবল ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
পুলিশ সদর দপ্তর জনগণকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য বা গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যারা সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানানো হয়েছে।