সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক রেজা হাসানকে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
এর আগে গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।
গত বছরের ১৮ আগস্ট অন্তর্বর্তী সরকার সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছিল। পরে তাকে প্রত্যাহারের পরদিন, ২২ জুন, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। সারওয়ার আলমকে প্রত্যাহারের ঘটনায় সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তার প্রত্যাহারের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক রেজা হাসান সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।