বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে। রোববার (২৮ জুন) জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রীর আয়োজনে অনুষ্ঠিত এ মধ্যাহ্নভোজে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র মাধ্যমে আসা সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষকসহ ২১ জন এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির শিক্ষার্থী ও শিক্ষকসহ ১৬ জন অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলেন এবং তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। পাশাপাশি নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেওয়ার জন্য শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করেন। এছাড়া তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন, উত্তর প্লাজায় ফটোসেশনে অংশগ্রহণ এবং সংসদ অধিবেশন কক্ষে সংসদের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন।